
নিজস্ব প্রতিবেদক
দেশকে উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জেলার প্রধান ঈদ জামাতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। শনিবার সকাল সাড়ে ৮টায় শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ জামাতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর দেশ পায়। এ লক্ষ্য অর্জনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান এ জামাতে কৃষিমন্ত্রীর পাশাপাশি জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঈদগাহ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৭টি উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোট ৪ হাজার ১৫১টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৩টি মসজিদে এবং ২ হাজার ৫৮টি ঈদগাহে জামাত আদায় করা হয়।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে কুমিল্লাবাসী তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করেন। এ উপলক্ষে শহর ও গ্রামাঞ্চলে বিরাজ করে আনন্দঘন পরিবেশ। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির চিত্রও ছিল স্পষ্ট। বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা যায় উপচে পড়া ভীড়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC