
শারদীয় দুর্গাপূজা এবং অন্যান্য উৎসব উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ১২ দিনের ছুটির মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা জারি করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদিত ছুটির তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের অবকাশকালীন ছুটি রাখা হয়েছে। এই উৎসবগুলো যেন যথাযথ মর্যাদার সঙ্গে উদ্যাপন করা যায়, সে জন্য এই ১২ দিন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন পরীক্ষার দিন ধার্য না করে, সেই অনুরোধ জানানো হয়েছে।
এ বছর মহালয়া ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, এবং ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গাপূজার প্রতিপদ তিথি। পঞ্জিকা অনুসারে, মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং মহাদশমী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাধারণত, দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকে।









