মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

দুবাইয়ে তারকাদের বিলাসবহুল আবাসন, কেমন তাদের স্বপ্নের বাড়ি?

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই দুবাইয়ের চোখ ধাঁধানো স্কাইলাইন, আকাশছোঁয়া টাওয়ারের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং সমুদ্রতীরবর্তী ভিলা ভারতীয় চলচ্চিত্র তারকাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

সেই ধারাবাহিকতায় বলিউডের বহু তারকা সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন কোটি টাকার সম্পত্তি। এই তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান থেকে শুরু করে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো বহু জনপ্রিয় মুখ।

শাহরুখ খান

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের রয়েছে দুবাইয়ের পাম জুমেইরা অঞ্চলে এক দৃষ্টিনন্দন প্রাসাদ, যার নাম তিনি দিয়েছেন ‘জান্নাত’। ১৮ হাজার বর্গফুটের এই বিলাসবহুল ভিলাটির মূল্য প্রায় এক হাজার কোটি রুপি। ব্যক্তিগত সমুদ্রসৈকত, অত্যাধুনিক জিম ও একটি বিশাল সুইমিং পুলসহ সজ্জিত এই ভিলার অভ্যন্তরীণ নকশা করেছেন স্বয়ং তাঁর স্ত্রী গৌরী খান।

সালমান খান

অভিনেতা সালমান খান দুবাইয়ের অভিজাত ডাউনটাউন এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক। বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার কাছাকাছি অবস্থিত এই অ্যাপার্টমেন্টটি তাঁর দুবাই সফরের সময় নিয়মিত ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়।

অনিল কাপুর

জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর দুবাইয়ের আল ফুরজান এলাকায় একটি আধুনিক দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের মালিক। বর্তমানে সম্পত্তিটির সম্ভাব্য বাজার মূল্য প্রায় ৩ কোটি রুপি বলে ধারণা করা হয়।

শিল্পা শেঠি

অভিনেত্রী শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রাও দুবাইয়ে বিলাসবহুল আবাসনের মালিক হয়েছেন। একসময় রাজ কুন্দ্রা তাদের বিবাহবার্ষিকীর উপহার হিসেবে বুর্জ খলিফার ১৯তম তলায় প্রায় ৫ কোটি রুপির একটি অ্যাপার্টমেন্ট তাঁকে উপহার দিয়েছিলেন। যদিও পরে তাঁরা সেই সম্পত্তিটি বিক্রি করে দেন এবং পাম জুমেইরা অঞ্চলে নতুন একটি ভিলা কিনেছেন।

ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তাঁর স্বামী অভিষেক বচ্চনও দুবাইয়ের বিলাসবহুল রিয়েল এস্টেট বাজারে বিনিয়োগ করেছেন। তাঁরা ২০১৬ সালে জুমেইরাহ গলফ এস্টেটে প্রায় ১৬ কোটি রুপিতে একটি ভিলা ক্রয় করেন। সুইমিং পুল, সবুজ বাগান এবং গলফ কোর্স-সংলগ্ন এই বাড়িটি দুবাইয়ে তাঁদের অন্যতম আকর্ষণীয় ঠিকানা।

সানিয়া মির্জা

টেনিস তারকা সানিয়া মির্জাও এই তালিকায় রয়েছেন। তিনি বর্তমানে তাঁর ছেলে ইজহানের সঙ্গে পাম জুমেইরায় বসবাস করছেন। সাবেক স্বামী শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর তিনি প্রায় ১৩ কোটি রুপিতে একটি দুইতলা বাড়ি ক্রয় করেন। এই বাড়িতে রয়েছে একটি সুইমিং পুল, একটি প্রার্থনাকক্ষ এবং একটি বৃহৎ ওয়াক-ইন ক্লোজেট।

আরও পড়ুন