
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন,
“দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ। বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে কেন্দ্রের বাইরে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোট স্থগিত বা বন্ধ নেই। সব কেন্দ্রে ভোটগ্রহণ চালু রয়েছে।”
তিনি আরও বলেন, “বিচ্ছিন্নভাবে কিছু কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, তবে তা কেন্দ্রের বাইরে। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ রয়েছে।
এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC