
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে সরকার। নতুন পরিপত্রে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের পাশাপাশি এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দিবস পালন উপলক্ষ্যে ব্যয় সাশ্রয়, সীমিত আয়োজন এবং সরকারি দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রটি বাতিল করা হয়েছে। নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে বিভিন্ন দিবস পালনের ক্ষেত্রে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
নির্দেশনায় বলা হয়েছে, দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে হবে।
কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি উদ্যোগে গৃহীত কোনো কর্মসূচির কারণে যাতে দাপ্তরিক কাজে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, নগদ অর্থ কিংবা উপকরণ ব্যয়ের প্রয়োজন হবে না—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন বা কার্যদিবসে আয়োজন করা যাবে। কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষ্যে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।
সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নিজ নিজ অধিক্ষেত্রে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদযাপনকে প্রাধান্য দিতে বলা হয়েছে। এ ধরনের দিবসগুলো একই তারিখে একত্রে পালন করতে হবে।
এ বিষয়ে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন পরিপত্রে উল্লিখিত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC