
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
রোববার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সোমবারও সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।








