
রাইজিং কুমিল্লা ডেস্ক
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি কাচের জারে রাখা সাপের বিষ, একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের সিজার মূল্য প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা।
বুধবার (১৩ আগস্ট) চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা তিনটি কাচের জারে মোট প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম বিক্রয় নিষিদ্ধ সাপের বিষ পাওয়া যায়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
পরে আদালতের নির্দেশে মঙ্গলবার (১৯ আগস্ট) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
আজ শুক্রবার (২১ আগস্ট) বিজিবি সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC