
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগাজিন ও গুলিসহ মাহবুব সম্রাট (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামে অভিযান চালিয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মাহবুব সম্রাট তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তিনি গত বছরের ২৫ জুলাই গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত মামুন সম্রাটের ছোট ভাই।
বুধবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (তদন্ত) পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্প অফিসসংলগ্ন রায়পুর-মালিগাঁও সড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় মাহবুব সম্রাট পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ভর্তি ম্যাগাজিন এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মাহবুব সম্রাটের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC