
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বাইরে নির্বাচন কমিশনের (ইসি) অন্য কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সব অংশীজনের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। এবার ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংলাপে সিইসি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। তবে প্রার্থীরা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মাঠে কেউ যাতে অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সুযোগ না পান, সে বিষয়টি নিশ্চিত করতে রেফারির দায়িত্ব পালন করবে ইসি। এ ক্ষেত্রে কমিশন নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশন স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে চায়। নির্বাচনের মাঠের বাস্তবতা সবার জানা। তাই সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যমান সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির প্রথম দিনের সংলাপ শুরু হয়। এতে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
অংশ নেওয়া দলগুলো হলো জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
সংলাপের ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট নেওয়া হবে।
তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC