
রাইজিং কুমিল্লা ডেস্ক
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতাকে ক্ষমতাসীনদের জন্য ‘অশনিসংকেত’ হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে দলের ‘আত্মশুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানায় টিআইবি।
রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কথিত সহিংস লুটপাট, ভাঙচুর ও দখল, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত এবং এক কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে টিআইবি।
বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত। প্রতিটি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে দলের আত্মশুদ্ধির উদ্যোগ নেওয়া প্রয়োজন।
টিআইবি জানায়, নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও দখলের ঘটনা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত তৈরি করেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে দীর্ঘদিন ধরে অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এমন কর্মকাণ্ড জনগণের কাছে কী বার্তা দিচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকেই বিএনপির নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে দেশজুড়ে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন পর্যায়ের কিছু নেতাকর্মীর বেপরোয়া আচরণ গণমাধ্যম, পর্যবেক্ষক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. ইফতেখারুজ্জামানের ভাষ্য অনুযায়ী, ঢাকার সায়দাবাদ, মহাখালী ও গাবতলীসহ দেশের বিভিন্ন বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসা এবং বর্জ্য সংগ্রহের মতো খাতে চাঁদাবাজি ও দখলকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে প্রতিযোগিতা ও সংঘাতের ঘটনা ঘটছে।
তিনি বলেন, দৈনিক, মাসিক ও এককালীন চাঁদাবাজির অভিযোগগুলো শুধু অব্যাহতই নেই, বরং অনেক ক্ষেত্রে তা আরও স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। এর ফলে দখলবাজি ও চাঁদাবাজির ঘটনা সরকারের জন্য অশনিসংকেত হয়ে উঠছে।
কিশোরগঞ্জের জলমহাল দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুরের প্রসঙ্গ তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এসব ঘটনা ২০২৪ সালের আগস্টের পর থেকে ঘটে চলা ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা। এর ফলে সরকারের বিভিন্ন ভালো উদ্যোগ ও সদিচ্ছাও প্রশ্নের মুখে পড়ছে।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের দখলবাজি ও চাঁদাবাজি বন্ধে এখনই কার্যকর আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ সংকুচিত হয়ে যেতে পারে।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ক্ষেত্রবিশেষে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও কঠোর প্রতিরোধমূলক কৌশলের ঘাটতি এবং ক্ষমতার অপব্যবহারের কারণে অনেক ক্ষেত্রে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এতে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এ অবস্থায় সংঘটিত প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে দ্রুত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC