
রাইজিং কুমিল্লা ডেস্ক
জীবিকার সন্ধানে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো মো. রুবেল (৩৯) নামের এক বাংলাদেশি প্রবাসী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে এ দুর্ঘটনা ঘটে। একই দিন ইস্টার্ন কেপ প্রদেশের অ্যাবারডিনের কাছে ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে ছয় নারী নিহত হয়েছেন। পৃথক দুই দুর্ঘটনায় আহত আরও অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারি বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। ভাগ্য পরিবর্তনের আশায় ২০২৩ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন তিনি।
স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান, ফুফাতো ভাই ছুটিতে দেশে যাওয়ায় সম্প্রতি গাড়ি চালানো শেখেন রুবেল। শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা অপর এক বাংলাদেশি আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
দেশে রুবেলের স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই রয়েছেন। ফুফাতো ভাই ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরলে রুবেলের দেশে ফেরার কথা ছিল। তবে সেই অপেক্ষার অবসান আর হলো না। পরিবারের কাছে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই প্রবাসী।
অন্যদিকে, শনিবার সকালে ইস্টার্ন কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন। মিনিবাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন। এটি ওয়েস্টার্ন কেপ থেকে ইস্টার্ন কেপের দিকে যাচ্ছিল।
ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে কয়েকজন আহত হন। পৃথক এই দুর্ঘটনায় হতাহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে জোর তদন্ত চলছে। প্রাথমিকভাবে চালকের ক্লান্তিকে দুর্ঘটনার অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC