
রাইজিং ডেস্ক
থানা পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি। এরই অংশ হিসেবে প্রথম কমিটি করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীতে।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন নতুন এ কমিটির অনুমোদন দেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা রাইজিং’ কর্মসূচির অংশ হিসেবে গণ-অভ্যুত্থানের লাইটহাউস (বাতিঘর) যাত্রাবাড়ী থানা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো। এ কমিটি ৬১ সদস্যের।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, কিছুদিনের মধ্যে থানা পর্যায়ে আরও বেশ কিছু কমিটি গঠন করা হবে। থানা পর্যায়ের সব কমিটি ‘প্রতিনিধি কমিটি’ হিসেবে পরিচিতি পাবে।
তিনি আরও বলেন, প্রতিনিধি কমিটির সবাই ‘থানা প্রতিনিধি’ নামে পরিচিতি পাবেন। প্রতিটি প্রতিনিধি কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
এর আগে, গত ২ নভেম্বর জাতীয় নাগরিক কমিটি ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। এতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন। কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ।
এছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ গঠনের লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC