
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত সারা দেশে দুই হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর বিপরীতে এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১ জন প্রার্থী।
আঞ্চলিকভাবে দেখা যায়—
রংপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৮৩ জন এবং জমা দিয়েছেন ৩ জন।
রাজশাহী অঞ্চলে ২৬৯ জন মনোনয়নপত্র গ্রহণ করলেও এখন পর্যন্ত কেউ জমা দেননি।
খুলনা অঞ্চলে ৩০২ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন ১ জন।
বরিশাল অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৬১ জন, জমা দিয়েছেন ৭ জন।
ফরিদপুর অঞ্চলে ১৪১ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন ৮ জন।
ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সর্বোচ্চ ৫০৯ জন, জমা দিয়েছেন ২ জন প্রার্থী।
এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৩৯, ৪০৫, ১২৭ ও ২৪০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এসব অঞ্চলে জমা পড়েছে যথাক্রমে ৭, ০, ১ ও ২টি মনোনয়নপত্র।
ইসি জানিয়েছে, আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC