শনিবার ৭ মার্চ, ২০২৬

তেল-গ্যাস সাশ্রয়ে যেসব নিয়ম মেনে চলতে নির্দেশনা দিল সরকার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Comilla - Gas-Oil
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সকল নাগরিকের জন্য জরুরি সতর্কতা ও সাশ্রয়ী নির্দেশনা জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবিলম্বে নিচের ব্যবস্থাগুলো গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে: জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিতে হবে:

১. প্রাকৃতিক গ্যাস সাশ্রয়:

রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী পদ্ধতি অনুসরণ করতে হবে; গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পুরোপুরি পরিহার করতে হবে; নিয়মিত গ্যাস পাইপলাইন ও বার্নার পরীক্ষা করে লিকেজজনিত অপচয় রোধ নিশ্চিত করতে হবে; যেকোনো ধরনের অবৈধ গ্যাস ব্যবহার থেকে সকলকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২. জ্বালানি তেল সাশ্রয়:

ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে ‘কার-পুলিং’ (শেয়ারিং) ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে; তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত বা পরিহার করতে হবে।

৩. প্রাতিষ্ঠানিক ব্যবস্থা:

সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে অফিস চলাকালীন এবং অফিস-পরবর্তী সময়ে কঠোরভাবে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে হবে; বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকে জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহার পরিহার করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত জরুরি। এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে উপর্যুক্ত নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন