
লাইফস্টাইল ডেস্ক

প্রচণ্ড গরমে বাইরে বের হওয়ার সময় বেশিরভাগ মানুষ পোশাকের নকশা, আরাম ও ফ্যাশনের দিকে গুরুত্ব দিলেও পোশাকের রঙ যে শরীরের তাপমাত্রা ও স্বস্তির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, তা অনেকেরই অজানা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক রঙের পোশাক নির্বাচন করলে তীব্র রোদেও তুলনামূলকভাবে আরামদায়ক থাকা সম্ভব।
এ বিষয়ে গবেষণা পরিচালনা করেছেন জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক তোশিয়াকি ইচিনোজ এবং তার দল। গরম আবহাওয়ায় বিভিন্ন রঙের পোশাক কতটা তাপ শোষণ করে তা জানতে তারা একটি বিশেষ পরীক্ষা চালান।
গবেষণায় নয়টি ম্যানিকিনকে বিভিন্ন রঙের পোলো শার্ট পরিয়ে দীর্ঘ সময় সরাসরি সূর্যের আলোতে রাখা হয়। ব্যবহৃত রঙগুলোর মধ্যে ছিল সাদা, কালো, লাল, হলুদ, নীল, হালকা সবুজ ও গাঢ় সবুজসহ আরও কয়েকটি রং।
পরীক্ষা শেষে প্রতিটি ম্যানিকিনের তাপমাত্রা পরিমাপ করে দেখা যায়, সাদা রঙের পোশাক সবচেয়ে কম তাপ শোষণ করেছে। বিপরীতে কালো রঙের পোশাক সবচেয়ে বেশি তাপ ধরে রেখেছে, ফলে তা সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে।
গবেষণার ফলাফলে আরও দেখা গেছে, সাদা রঙের পর হলুদ, ধূসর এবং লাল রঙের পোশাক তুলনামূলকভাবে কম তাপ শোষণ করে। তাই গরমের দিনে এসব রঙের পোশাক পরলে কিছুটা বেশি স্বস্তি পাওয়া যেতে পারে।
বিশেষভাবে গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে লাল রঙের ফলাফল। সাধারণত লালকে ‘উষ্ণ রঙ’ হিসেবে ধরা হলেও পরীক্ষায় দেখা গেছে, এটি প্রত্যাশার তুলনায় কম তাপ শোষণ করেছে।
অন্যদিকে নীল রঙের পোশাক নিয়ে পাওয়া গেছে ভিন্ন তথ্য। গবেষণায় দেখা যায়, নীল রঙের কাপড় তুলনামূলকভাবে বেশি তাপ শোষণ করে। ফলে দীর্ঘ সময় রোদে অবস্থান করতে হলে নীল ও কালো রঙের পোশাকের পরিবর্তে সাদা, হলুদ, ধূসর কিংবা লাল রঙের পোশাক বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
বিশেষজ্ঞদের মতে, পোশাকের কাপড়ের ধরন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর রংও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। তাই এই গ্রীষ্মে শুধু ফ্যাশন নয়, আরাম ও স্বস্তির বিষয়টিও বিবেচনায় রেখে পোশাকের রং নির্বাচন করা উচিত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC