
নিজস্ব প্রতিবেদক
গত কয়েকদিনের অসহ্য গরম আর ভ্যাপসা আবহাওয়া কাটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি নামল কুমিল্লায়।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি জনজীবনে এনে দেয় প্রশান্তির ছোঁয়া।
দুপুর ২টার পর থেকেই কুমিল্লার আকাশ ধীরে ধীরে মেঘে ঢেকে যায়। এরপর বিকেলের দিকে শুরু হয় বৃষ্টিপাত। একই সময়ে রাজধানীর মগবাজার, মালিবাগ, ওয়ারলেস, রামপুরা ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকাতেও বৃষ্টি দেখা গেছে।
গত কয়েকদিন ধরে কুমিল্লায় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছিল। তীব্র রোদ আর বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছিল। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও পথচারীরা চরম ভোগান্তিতে ছিলেন।
তবে রবিবারের এই স্বস্তির বৃষ্টিতে কিছুটা কমেছে তাপমাত্রা। নগরবাসীর মুখে ফিরেছে স্বস্তির হাসি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কেবল কুমিল্লা নয়—দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ঢাকায় বিকেলের বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে সন্ধ্যার পর তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও বৃষ্টির কারণে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে, তবুও শীতল আবহাওয়া নগরবাসীর কাছে যেন আশীর্বাদ হয়ে এসেছে।
কুমিল্লা হাইস্কুলের এক শিক্ষার্থী রাইজিংকুমিল্লাকে জানায়, “এই কয়েকদিনের গরমে ক্লাস করা কঠিন হয়ে গিয়েছিল। আজ বৃষ্টি শুরু হতেই আর নিজেকে আটকাতে পারিনি। বাবা-মা নিষেধ করলেও বৈশাখের প্রথম বৃষ্টিতে ভিজেছি—দারুণ লাগছে!”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC