
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার তিতাসে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) ৫০ শয্যাবিশিষ্ট তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য—‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’।
কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় নবজাতকের জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিশুর পুষ্টি, রোগ প্রতিরোধক্ষমতা ও সুস্বাস্থ্যের ভিত্তি গড়ে তুলতে মাতৃদুগ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে জন্মের প্রথম ঘণ্টার মধ্যে নবজাতককে বুকের দুধ খাওয়ানো এবং জীবনের প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া ছয় মাস বয়সের পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, মাতৃদুগ্ধ পানের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC