
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৩ জুন) মধ্যরাত পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
শনিবার দুপুরে এক সতর্ক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, এলএনজি সরবরাহের একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ)-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ সাময়িকভাবে কমে গেছে। এর ফলে তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।










