
ডেঙ্গু ও মশক নিধন ও কুমিল্লা নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম জোরদার করতে মাঠপর্যায়ে তদারকি চালিয়ে যাচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এরই অংশ হিসেবে শনিবার (২৮ মার্চ) সকালে নগরীর ঝাউতলা এলাকার তালপুকুর পাড়ে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উদ্বোধন শেষে পরে ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের জানান, কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন রাখতে এবং ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা নগরের প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। কুমিল্লাকে গ্রীন এন্ড ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে একই দিনে প্রশাসক শহরের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজও পরিদর্শন করেন। জেলা স্কুল সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুঁটি রাস্তা থেকে সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরের কাজ সরেজমিনে তদারকি করেন তিনি।
এছাড়া নগরীর ডিসি পুকুরে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিদর্শন করেন প্রশাসক। তিনি পুকুরের পানি ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।









