
রাইজিং কুমিল্লা ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে একটি বিশেষভাবে প্রস্তুত বুলেটপ্রুফ বাস পৌঁছেছে। লাল-সবুজ রঙে সাজানো এই বাসে বিএনপির শীর্ষ নেতাদের বড় আকারের প্রতিকৃতি ও রাজনৈতিক স্লোগান সম্বলিত লেখা রয়েছে। বিমানবন্দর থেকে বের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এই গাড়িটিই ব্যবহার করবেন তিনি।
বুধবার সকালে সকাল ৯টা ৪৩ মিনিটে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তারেক রহমান লেখেন, তার বহনকারী বিমান তখন বাংলাদেশের আকাশে। সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় আসার পথে এই বিমানটি সিলেটে যাত্রাবিরতি করে।
এর আগে, বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী পর্যন্ত এগিয়ে দেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
এই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পাশাপাশি বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মীও একই ফ্লাইটে দেশে ফিরছেন।
দলীয় সূত্র জানায়, ঢাকায় অবতরণের পর তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছুক্ষণ অবস্থান করবেন। এরপর তিনি সড়কপথে কুড়িল হয়ে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’—পরিচিত ৩০০ ফিট এলাকায় অবস্থিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে সমবেত জনতার উদ্দেশে তিনি বক্তব্য দেবেন। বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে তার অবস্থান করার কথা রয়েছে।
এরপর ৩০০ ফিট এলাকা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের গেট দিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে এক ঘণ্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। পরে তিনি গুলশানের বাসভবনে যাবেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সোয়াত সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে ভোর থেকেই এক্সপ্রেসওয়েতে মানুষের ঢল নেমেছে। শীত উপেক্ষা করে হাজারো মানুষ রাতভর সেখানে অবস্থান করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। আশপাশের এলাকাগুলো থেকেও মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে যোগ দিচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC