
দীর্ঘ সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিনন্দন জানান জামায়াত আমির। পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি বিশেষ বাসযোগে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন।
সমাবেশস্থলে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন লাখ লাখ নেতাকর্মী। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সমাবেশ শেষে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছাবেন।
ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলীয় শীর্ষ নেতারা পরিবারসহ তাকে স্বাগত জানান।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিজি-২০২ ফ্লাইট সিলেটে অবতরণ করে। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে বিমানটি।
উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। এর আগে একই দিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।









