
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী জাহান তনু হত্যা মামলার তদন্তে আরও দুই সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কুমিল্লার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, গত শুক্রবার (১৬ জুলাই) কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আমলি আদালতের বিচারক মুমিনুল হক তদন্তের স্বার্থে দুই সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন মঞ্জুর করেন।
আদালতের নির্দেশ পাওয়া দুই সন্দেহভাজন হলেন সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম এবং কুমিল্লা নগরীর রাজাপাড়া লক্ষীনগর এলাকার এম এ হান্নানের ছেলে ফয়সাল আহমেদ রাব্বী।
তদন্ত কর্মকর্তা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে মামলার আলামতের সঙ্গে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মিলিয়ে দেখা হবে।
তিনি আরও জানান, এর আগে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য ক্রস-ম্যাচ করা হয়েছে। তদন্তের ধারাবাহিকতায় এবার আরও দুই ব্যক্তির ডিএনএ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে আদালত মামলার প্রধান দুই সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শাহিন আলম কুয়েতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে জাহিদুজ্জামানের বর্তমান অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মামলার একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের প্রায় এক দশক পেরিয়ে গেলেও হত্যার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। মামলাটির তদন্ত বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচালনা করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC