শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসনেই বিজয়ী তারেক রহমান

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Tarique Rahman
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন—বগুড়া-৬ ও ঢাকা-১৭—এ এরই মধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৫০টি কেন্দ্রের সব কটিতে বিজয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তবে এ ফলাফলে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত হয়নি।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের আবু নুমান মো. মামুনুর রশিদ পেয়েছেন ২ হাজার ৫০৮ ভোট। বাসদের প্রার্থী দিলরুবা নুরী (মই প্রতীক) পেয়েছেন ২৭৬ ভোট এবং জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি (তারা প্রতীক) পেয়েছেন ২৭৬ ভোট।

বগুড়া-৬ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৭১ দশমিক ০৩ শতাংশ।

আরও পড়ুন