
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে চলন্ত লরির পেছনে বাসের ধাক্কার জেরে একে একে চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী ও চালক আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাস, একটি লরি এবং একটি মাইক্রোবাস রয়েছে।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সির বর্ণনামতে, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস। ঠিক সেই মুহূর্তেই তিশা প্লাস বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস এবং ওই ডাবল ডেকার বাসটির পেছনে এসে আছড়ে পড়ে একই অভিমুখে চলা একটি মাইক্রোবাস। চলন্ত অবস্থায় প্রতিটি যানবাহনের মধ্যকার দূরত্ব অত্যন্ত কম থাকায় সামনের লরিতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই পেছনের গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে এই ধারাবাহিক দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত বাস দুটি ও মাইক্রোবাসের চালক এবং যাত্রীদের উদ্ধার করে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থলে কারও মৃত্যু না হলেও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রানা জানান, হাসপাতালে আসা আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকিদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সবার নাম-ঠিকানা রেজিস্টার খাতায় নথিভুক্ত করা সম্ভব না হওয়ায় আহতদের সঠিক সংখ্যাটি এখনো সুনির্দিষ্টভাবে নিরূপণ করা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC