
লাইফস্টাইল ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর ৪টা থেকে শুরু হওয়া এই যানজটে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এর ফলে ওই লেনে যান চলাচল প্রায় স্থবির হয়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানবাহনের দীর্ঘ সারি গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে মেঘনা সেতু পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ছিল, যা যানজট পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে।
সরেজমিনে দেখা যায়, শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে আছে। দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশুরা এই তীব্র যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি ব্রিজে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC