
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নাহিদ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার উজিরপুর ইউনিয়নের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদ শ্যামলী পরিবহনের একটি স্লিপার বাসের সুপারভাইজার ছিলেন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং খতিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের স্লিপার বাসটি নোয়াবাজার এলাকায় চলন্ত অবস্থায় সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নাহিদসহ অন্তত পাঁচজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ মারা যান।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্লিপার বাস ও ট্রাক উদ্ধার করে হাইওয়ে পুলিশের ফাঁড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC