
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
ঢাকা–কুমিল্লা মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট ও সম্ভাব্য রুট নিয়ে কুমিল্লায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী মো. জুনায়েদ আব্দুর সাকি।
অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী প্রস্তাবিত ঢাকা–কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।
ধারণাপত্রে প্রস্তাবিত বিকল্প সড়কের সম্ভাব্য এলাইনমেন্ট ও রুটের পাশাপাশি কুমিল্লার ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে নগরায়ণ, যানজট নিরসন এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়নে এ সড়কের সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়।
ধারণাপত্র উপস্থাপনের পর সেমিনারে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। তারা কুমিল্লার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সড়ক অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, কুমিল্লার ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা এখন থেকেই পরিকল্পিতভাবে গড়ে তোলা প্রয়োজন। ঢাকা–কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক বাস্তবায়ন করা গেলে নগরীর ওপর যানবাহনের চাপ কমার পাশাপাশি নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড ও নগর উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবতুল বারী আবু।
অনুষ্ঠানে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট, সম্ভাব্য রুট এবং কুমিল্লার সামগ্রিক উন্নয়নে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কুমিল্লার ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC