
রাইজিং কুমিল্লা ডেস্ক
সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস্টিকের ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর না করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক সতর্কবার্তায় এ পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সিভিভি (CVV)সহ সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস, অননুমোদিত লেনদেন, আর্থিক ক্ষতি এবং তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডসংক্রান্ত কোনো তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গ্রাহকদের উদ্দেশে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোনো অবস্থাতেই ওটিপি (OTP) কিংবা কার্ডের গোপন তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC