
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার লাকসামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামে এক জ্যেষ্ঠ স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত খবির আহমেদ লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল জানান, গত চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন খবির আহমেদ। প্রথমে তাঁকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হয়।
কুমিল্লার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর রক্তের অণুচক্রিকা (প্লেটলেট) কমতে থাকে। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে ঢাকায় পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।
খবির আহমেদের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
খবির আহমেদের স্ত্রী রেহানা আক্তারও একই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক। স্বামীর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC