
রাইজিং কুমিল্লা ডেস্ক

উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।
এদিন সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ফলে ভোর থেকেই বেড়ে যায় শীতের দাপট।
হিমালয়ের কন্যা বলে খ্যাত এই জেলায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভোর ও রাতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেকেই ভোরবেলা খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন, শ্রমজীবী মানুষের কাছে এই আগুনই এখন ভরসা। ভোর হতে ঘন কুয়াশার চাদরে ঢাকা জনপদে বেলা বাড়ার সাথে সাথে ঝলমলে রোদের দেখাও মেলে।
বোদা উপজেলার ভাসাইনগর গ্রামের কৃষি শ্রমিক বাবুল বলেন, ‘শীতের কারণে ভোরে কাজে বের হওয়া এখন খুবই কষ্টকর। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। কিন্তু কাজ না করলে খাব কী?’
পঞ্চগড় সদর উপজেলার মোলানী পাড়া গ্রামের ফজলার রহমান বলেন, ফজরের আযানের সময় আমাদের ঘুম থেকে উঠতে হয়। তখন কনকনে ঠান্ডা থাকে। নামাজ পরে হাটতে বের হই।
এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এরপর টানা তিন দিন—বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা কয়েকদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা নেমে এসেছে ১০ ডিগ্রিতে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানা যায়—সকাল ৬টায় কুমিল্লায় তাপমাত্রা: ১৩ ডিগ্রি সেলসিয়াস, নোয়াখালীতে: ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ফেনীতে: ১৪ ডিগ্রি সেলসিয়াস, চাঁদপুরে: ১৮ ডিগ্রি সেলসিয়াস, লক্ষ্মীপুরের রামগতিতে: ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC