বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ডিম-আলুর পর এবার ১ লাখ টন লবণ আমদানির অনুমতি

রাইজিং ডেস্ক

salt production
লবণ।—ফাইল চিত্র।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় ডিম ও আলুর পর এবার এক লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি জানান, ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বর থেকে ডিম, আলু ও পেঁয়াজের দাম কমে আসতে পারে। আগামী এক মাস হয়তো আমাদের একটু চাপের মধ্যে থাকতে হবে, যেহেতু কৃষিপণ্য এটাকে জোর করে ইয়ে (উৎপাদন) করার সুযোগ নেই। হয় উৎপাদন না হয় বিদেশ থেকে আমদানি করতে হয়।

এর আগে, দাম নিয়ন্ত্রণে ডিম ও আলু আমদানির অনুমতি দেয় সরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে কৃষিপণ্যের বেলায় একটা জিনিস মনে রাখতে হবে, যেমন আলু কেউ যদি মজুত করে রাখে সেটি যদি সে পচিয়ে ফেলে তাহলে ব্যবসায়ীর কোনো লাভ আছে? লাভ তো নাই। সুতরাং আমার যেটি মনে হয় এ ধরনের পচনশীল পণ্য যেগুলো যখন দাম বাড়ে আমাদের দেখতে হবে যে, সাপ্লাইয়ে সমস্যা আছে কি না…অথবা হঠাৎ কোনো কারণে ডিমান্ডও (চাহিদা) কিন্তু বেড়ে যেতে পারে।

এছাড়াও দেরিতে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, আমদানিতে দেরির কারণ হচ্ছে বার্ড ফ্লু পরীক্ষা। তবে সেই সমস্যা সমাধান হয়েছে। এখন ডিম আসতে থাকবে। সব মিলিয়ে, ২০ কোটি পিস আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন