বুধবার ১১ মার্চ, ২০২৬

ডিজিটাল বোর্ডে দেবিদ্বারের উন্নয়ন কাজের হিসাব, আলোচনায় এমপি হাসনাতের ব্যতিক্রমী ‘লাইভ ক্লাস’

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Debidwar development work report on digital board, MP Hasnat's exceptional 'live class' in discussion
ডিজিটাল বোর্ডে দেবিদ্বারের উন্নয়ন কাজের হিসাব, আলোচনায় এমপি হাসনাতের ব্যতিক্রমী ‘লাইভ ক্লাস’/ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহি নিশ্চিত করতে ব্যতিক্রমী এক ‘লাইভ ক্লাস’ চালু করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন-এর তরুণ সংসদ সদস্য এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এই ব্যতিক্রমী উদ্যোগটি অনেকের কাছে ক্লাসরুমের পাঠদানের মতো মনে হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি সংসদীয় এলাকায় বরাদ্দকৃত সরকারি সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। ডিজিটাল বোর্ডে স্লাইড প্রদর্শনের মাধ্যমে ধারাবাহিকভাবে দেওয়া এই উপস্থাপনাটি অনেকটা ক্লাসরুমের পাঠদানের আদলে হওয়ায় তা মানুষের দৃষ্টি কাড়ে।

লাইভে তিনি দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণসামগ্রী বিতরণের ওয়ার্ডভিত্তিক বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি ঠিকাদারদের উদ্দেশ্যে ‘কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা’ দিয়ে কর্মদক্ষতা বাড়িয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান।

লাইভের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে ‘জবাবদিহিতা’ নামে একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দেন।

তিনি জানান, এখন থেকে ওই পেজের মাধ্যমে তার আসনের সব উন্নয়ন কাজের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রতিটি প্রকল্পের হিসাব ‘পাই টু পাই’ জনগণের কাছে তুলে ধরা হবে।

রাজনীতিতে আসার আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি ‘স্কুল অব এক্সিলেন্স’ নামক প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তিনি সেই শিক্ষকসুলভ উপস্থাপনাভঙ্গিতেই নিজের কাজের পরিধি মানুষের সামনে তুলে ধরছেন, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে।

রাজনৈতিক অঙ্গনে জবাবদিহিতার এমন উদ্যোগকে অনেকেই নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে অন্য জনপ্রতিনিধিদের কাছ থেকেও এমন স্বচ্ছতা ও জবাবদিহির প্রত্যাশা জানিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার সকাল সাড়ে ১০টা) লাইভ ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ৪ লাখ ৩ হাজারের বেশি। ভিডিওটির নিচে মন্তব্য এসেছে ৩৪ হাজার ৪০০-এর বেশি, শেয়ার হয়েছে ৭১ হাজারেরও বেশি এবং ভিউ হয়েছে ১ কোটি ২০ লাখেরও বেশি।

এএইচ মিলন নামে এক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, “ভাই সম্ভবত বলছিলেন, যদি নির্বাচিত হন বাকি ২৯৯ জন এমপির ঘুম হারাম করে ফেলবেন। যেভাবে জবাবদিহি করছেন, আপনার আসনের জনগণ তথা সারা বাংলাদেশের জনগণের কাছে—এতে জনগণ উৎসাহিত হয়ে নিজ নিজ আসনের এমপিদের প্রশ্নের মুখোমুখি করবে বলে আশা করছি। দিনশেষে বাকি ২৯৯ জন এমপি যেন আজকের লাইভ থেকে কিছু হলেও শেখেন দায়িত্ব কাকে বলে।”

মোজাম্মেল হোসেন হৃদয় নামে আরেকজন লিখেছেন, “এক কথায় অসাধারণ। বাকি ২৯৯ জন এমপি যদি এভাবে করতেন, দেশটা উন্নয়নের দিকে এগোতে শুরু করত।”

সাদিক ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন, “যেখানে জবাবদিহিতা আছে, সেখানে সুশাসন ও অগ্রগতি নিশ্চিত।”

আরও পড়ুন