বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেন, ‘রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি।’
তিনি বলেন, ‘আমাদের অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এর ফলে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরো ভালো সেবা দেওয়া সম্ভব হবে।’
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় একটি অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।
রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরের বেশি। দীর্ঘদিন ব্যবহারের ফলে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমে গেছে।
পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ বাজারে পাওয়া যায় না। ফলে বিকল্প উপায়ে যন্ত্রাংশ সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
কোনো ইঞ্জিন বিকল হলে তা মেরামত করে আবার চালু করতে দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাও সীমিত হয়ে পড়ে।
বিশেষ করে মিটারগেজ রেলপথে ইঞ্জিনের ঘাটতি রেলওয়ের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এ সংকট কিছুটা কমবে। পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক নির্ভরযোগ্য ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। এতে ট্রেনের সময়সূচি ঠিক রাখা, অতিরিক্ত ট্রেন চালানো এবং বিদ্যমান রেলপথের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।
প্রকল্পের আওতায় প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিন কেনা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। এতে আন্তর্জাতিক বাজারের উপযুক্ত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ থাকবে।
ইঞ্জিনের পাশাপাশি প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম সংগ্রহ করা হবে। ফলে নতুন ইঞ্জিনগুলো দীর্ঘদিন সচল রাখার প্রস্তুতিও থাকবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চাই না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং তুলনামূলক সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।’
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়। ২০২১-২২ অর্থবছরে এ পরিমাণ ছিল ৫৩ লাখ ৩৩ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে।
রেলপথে সাধারণত চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল এবং বিভিন্ন ধরনের কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি করা পণ্য এবং শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়াতে সরকার ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প অনুমোদন করেছে। গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন ইঞ্জিন যুক্ত হলে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন পরিচালনার সক্ষমতাও বাড়বে।
বিশেষ করে খাদ্যশস্য, সার, সিমেন্ট, পাথর, কয়লা, শিল্পকারখানার কাঁচামাল, কনটেইনার ও অন্যান্য ভারী পণ্য পরিবহনে রেলওয়ের কার্যকর ব্যবহার দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা, পর্যাপ্ত মালবাহী ট্রেন পরিচালনায় সীমাবদ্ধতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত দুর্বলতার কারণে রেলওয়ে এখনো এ সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারছে না। দ্রুত পণ্য পরিবহনের জন্য অনেক ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান সড়কপথের ওপর নির্ভরশীল।
রেলপথে পণ্য পরিবহন বাড়াতে হলে শুধু ইঞ্জিন সংগ্রহ করলেই হবে না। একই সঙ্গে ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর সুবিধা সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও কার্যকর করতে হবে।
এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। রেলপথমন্ত্রী জাতীয় সংসদে জানান, ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রধান বাণিজ্যিক করিডোরগুলোতে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরো বেশি মালবাহী ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ, ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নাধীন বড় রেল প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রেলওয়ের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নতুন ৩০টি লোকোমোটিভ সংগ্রহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এ সংখ্যাই ইঞ্জিনের সামগ্রিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।
রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সে তুলনায় বর্তমান প্রকল্পে সংগ্রহ করা হচ্ছে ৩০টি ইঞ্জিন। অর্থাৎ পর্যায়ক্রমে আরও ইঞ্জিন সংগ্রহের প্রয়োজন রয়েছে।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ প্রকল্প সম্পর্কে বলেন, দেশের রেলওয়ে নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। সরকার এ সংকট নিরসনে পর্যায়ক্রমে নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
তিনি আরো বলেন, ‘৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের এ প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের ইঞ্জিন সংকট অনেকটা কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেল পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদে দেশের রেল নেটওয়ার্ক আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে এ রূপান্তর সম্পন্ন করতে সময় প্রয়োজন। তাই বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন লোকোমোটিভ সংগ্রহের মাধ্যমে বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নের পথও সুগম হবে।’
সরকার রেলওয়েকে দেশের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, আধুনিক ইঞ্জিন ও ওয়াগন সংগ্রহ এবং পরিচালন দক্ষতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। আধুনিক ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষায়িত দক্ষতার প্রয়োজন হয়। এ কারণে প্রকল্পের আওতায় রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নিয়োজিত কারিগরি বিশেষজ্ঞরা স্থানীয় প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণকর্মীদের প্রশিক্ষণ দেবেন। নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত কারিগরি সহায়তাও পাওয়া যাবে।
এর ফলে নতুন প্রযুক্তির সঙ্গে রেলওয়ের জনবলের পরিচিতি বাড়বে। একই সঙ্গে ইঞ্জিনের ত্রুটি শনাক্তকরণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ পরিবর্তনের ক্ষেত্রে তাদের দক্ষতা তৈরি হবে। এতে ভবিষ্যতে বিদেশি কারিগরি সহায়তার ওপর নির্ভরতা কিছুটা কমানোর সুযোগ সৃষ্টি হতে পারে।
রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ কার্যক্রম বাস্তবায়নে সময় লাগতে পারে। এক মূল্যায়নে বলা হয়েছে, রূপান্তর কার্যক্রম বিলম্বিত হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও দেশের বিভিন্ন রুটে মিটারগেজ ট্রেন চলাচল করতে পারে।
সে বিবেচনায় মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, রেলপথের ধরন পরিবর্তনের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল ও কার্যকর রাখা জরুরি।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে এলাকায় এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসব অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বিবেচনায় নতুন ইঞ্জিনগুলো রেলওয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো এবং পুরোনো ও জরাজীর্ণ ইঞ্জিনের সংকট কাটাতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (রেল ইঞ্জিন) সংগ্রহ করা হবে।