
নিজস্ব প্রতিবেদক
ট্রেনের টিকিট কিনতে গিয়ে অননুমোদিত ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ কিংবা ব্যক্তি ও তৃতীয় পক্ষের মাধ্যমে প্রতারণার শিকার হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে নেবে না। এ ধরনের আর্থিক ক্ষতি এড়াতে যাত্রীদের শুধু অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কেনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ট্রেনের টিকিট কেনার জন্য বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার ব্যবহার করতে হবে। এসব মাধ্যমের বাইরে থেকে টিকিট কেনা কিংবা কেনার চেষ্টা করতে গিয়ে কেউ প্রতারণা, আর্থিক ক্ষতি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার অথবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার মতো সমস্যায় পড়লে তার দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।
রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইটের ঠিকানা https://eticket.railway.gov.bd। যাত্রীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে নিয়ম অনুযায়ী ট্রেনের টিকিট কিনতে পারবেন।
এ ছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা পেজের মাধ্যমে টিকিট বিক্রির প্রস্তাব পেলে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপদে টিকিট কেনা এবং প্রতারণা এড়াতে যাত্রীদের সব সময় অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC