
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ করবেন না বলে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে—বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারিভাবে কোনো প্লটও গ্রহণ করবেন না।
এদিন সকাল পৌনে ১১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রথম দফায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পর্যায়ক্রমে অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানোর কথা থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শপথ গ্রহণ করবেন না।
সাধারণত জাতীয় সংসদের স্পিকার শপথ পড়ানোর দায়িত্ব পালন করেন। তবে গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে এবার সিইসি এই দায়িত্ব পালন করেন। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে।
ভোটের হিসাব অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট—এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসন—চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪—এর ফল ঘোষণা করা হয়নি।







