বুধবার ১ এপ্রিল, ২০২৬

টি-২০ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Australia announces preliminary squad for T20 World Cup
টি-২০ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া/ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিড। তবে দলের নেতৃত্বে থাকছেন আগের মতোই মিচেল মার্শ।

অ্যাশেজ সিরিজে পিঠের চোটের কারণে বেশিরভাগ ম্যাচ খেলতে না পারলেও কামিন্সের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। চলতি মাসের শেষদিকে তার একটি স্ক্যান করা হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে চূড়ান্ত দলে তার থাকা না থাকা। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন, কামিন্সসহ হ্যাজলউড ও টিম ডেভিড—তিনজনই দ্রুত সুস্থতার পথে রয়েছেন এবং বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী।

বিগ ব্যাশ লিগে হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার কারণে মাঠের বাইরে ছিলেন টিম ডেভিড। অন্যদিকে অ্যাকিলিস ও হ্যামস্ট্রিং সমস্যার কারণে অ্যাশেজে অংশ নিতে পারেননি জশ হ্যাজলউড। তবু এই তিন ক্রিকেটারের ওপরই ভরসা রেখেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা। বেইলির ভাষায়,
‘টি-২০ দলে ধারাবাহিক সাফল্যের কারণে আমরা বিভিন্ন কন্ডিশনের কথা মাথায় রেখে একটি সুষম স্কোয়াড গড়তে পেরেছি। কামিন্স, হ্যাজলউড ও ডেভিড ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আত্মবিশ্বাসী, বিশ্বকাপের সময় তারা পুরোপুরি ফিট থাকবে।’

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের টি-২০ বিশ্বকাপ। স্পিন সহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখে স্কোয়াডে স্পিন বিকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে কলম্বো ও পাল্লেকেলেতে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

স্কোয়াডে একমাত্র উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে জশ ইংলিশকে। দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও কুপার কনোললি। তবে জায়গা হয়নি মিচেল ওয়েন ও বেন ডোয়ারশুইসের।

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের স্কোয়াড আলাদাভাবে পরে ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, কুপার কনোললি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মারকাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন