মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

টিফিন বক্সে চিঠি পাঠিয়ে কীভাবে স্বামীর সঙ্গে যোগাযোগ রাখতেন জয়া!

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

একসময় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তাঁর কর্মজীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে, পরিবারের জন্য সামান্য সময়ও তিনি ব্যয় করতে পারতেন না। তাঁর হাতে তখন পাহাড়প্রমাণ কাজ, যার ফলে পরিবার থাকা সত্ত্বেও একটা কঠিন সময়ে তিনি একাকীত্বে ভুগতে শুরু করেন। কাজের অতিরিক্ত চাপের কারণে ক্রমে নিজেকে একা মনে করতে শুরু করেছিলেন মহাতারকা।

সেই সময় মোবাইল ফোন না থাকার কারণে শুটিং সেট থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ছিল বেশ কঠিন। এই কঠিন সময়েই অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ রক্ষা করতে এক অনন্য পদ্ধতি অবলম্বন করেছিলেন তাঁর স্ত্রী জয়া বচ্চন।

ঠিক তখনই স্বামীর মন ভালো রাখতে ও তাঁদের মধ্যেকার যোগাযোগ অটুট রাখতে জয়া বচ্চন শুরু করেন এক চমৎকার অভ্যাস। তিনি প্রতিদিন অমিতাভের টিফিন বক্সে খাবারের সঙ্গে ছোট ছোট চিঠি বা নোট পাঠাতেন।

এই নোটগুলোতে কখনো লেখা থাকত স্বামীর প্রতি ভালোবাসা ও আবেগমাখা বার্তা, যেমন—‘তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।’ আবার কখনো তাতে থাকত গুরুত্বপূর্ণ পারিবারিক খবর, যেমন—‘অভিষেকের শরীর ভালো না,’ অথবা ‘অমিতাভ ও জয়াকে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে।’

এই ছোট ছোট চিঠিগুলোই সে সময় অমিতাভ বচ্চনের কাছে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার এক বিশেষ মাধ্যম হয়ে উঠেছিল। কাজের ব্যস্ততার মধ্যেও এই নোটগুলো তাঁকে জয়া বচ্চন এবং তাঁর পরিবারের সঙ্গে এক গভীর বন্ধনে আবদ্ধ থাকতে সাহায্য করেছিল।

আরও পড়ুন