
বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া-র হাত ধরেই শুরু হয়েছিল আরিফিন শুভর বলিউড যাত্রা। প্রায় তিন বছরের অপেক্ষা, প্রস্তুতি ও কঠিন অডিশন প্রক্রিয়া পেরিয়ে অবশেষে আগামী ১৯ মার্চ ঢাকায় মুক্তি পাচ্ছে তাঁর প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’। সিরিজটিতে তিনি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে।
সিরিজটির আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে। অনুষ্ঠানে মঞ্চে উঠে পরিচালক সৌমিক সেনকে নিয়ে মজার মন্তব্য করেন শুভ। তিনি বলেন, গত তিন বছরে এই প্রথমবার পরিচালক তাঁর প্রশংসা করেছেন। শুভর এমন কথায় উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে।
‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে শুভ জানান, প্রথমে তাঁর সঙ্গে যোগাযোগ করেন মুকেশ ছাবড়া। তখন তিনি নেপালে ছিলেন। একটি ওয়েব সিরিজের জন্য অডিশনের প্রস্তাব পেয়ে রাজি হন তিনি। এরপর পরিচালক সৌমিক সেন বিভিন্নভাবে তাঁর অডিশন নেন—কখনও সরাসরি, কখনও শুধু অডিও পাঠিয়েও।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভ বলেন, পুরো প্রক্রিয়াটি ছিল বেশ কঠিন এবং দীর্ঘ। টানা দুই বছর ধরে তাঁকে চিত্রনাট্য পাঠানো হয়েছে, একাধিকবার মুম্বাইয়েও ডাকা হয়েছিল। একই চরিত্রের জন্য আরও অনেক অভিনেতার অডিশন নেওয়া হয়। কোনো দৃশ্য অন্য কাউকে দিয়ে করানোর পর সেটি আবার তাঁকেও পাঠানো হয়েছে। দীর্ঘ ‘ট্রায়াল অ্যান্ড এরর’ প্রক্রিয়া পেরিয়েই শেষ পর্যন্ত কেন্দ্রীয় চরিত্রের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন তিনি।
সিরিজটির গল্প ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন সৌমিক সেন। এর আগে তিনি ‘গুলাব গ্যাং’ ও ‘মহালয়া’ নির্মাণের মাধ্যমে আলোচনায় আসেন। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ‘জুবিলি’-এর চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত তিনি।
সৌমিক জানান, ‘জ্যাজ সিটি’ নির্মাণে তাঁর সময় লেগেছে প্রায় সাত বছর। সিরিজটি লেখার সময়ই তিনি ঠিক করেছিলেন—প্রতিটি পর্বে থাকবে অন্তত একটি গান এবং একটি খুনের ঘটনা। অ্যাকশন ও সংগীতের প্রতি ব্যক্তিগত ভালোবাসা থেকেই এমন পরিকল্পনা।
রাজনৈতিক থ্রিলারধর্মী ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ আগামী ১৯ মার্চ। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথমবারের মতো বাংলা ভাষায়ও মুক্তি পাচ্ছে প্ল্যাটফর্মটির কোনো সিরিজ।
সিরিজে জিমি রয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, যার চারপাশেই আবর্তিত হয়েছে পুরো কাহিনি। নিজের প্রথম বলিউড প্রজেক্টে তিনি অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি।
শুভর বিপরীতে রয়েছেন সৌরসেনী মিত্র। এছাড়াও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ বলিউড ও টলিউডের একাধিক পরিচিত মুখ।









