
অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেওয়া ঘোষণার ধারাবাহিকতায় দলটি আনুষ্ঠানিকভাবে এই সনদে যুক্ত হলো।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় যান।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এর আগে সোমবার দুপুরে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়টি জানানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার এনসিপিও আনুষ্ঠানিকভাবে সনদে যুক্ত হলো।








