
রাইজিং ডেস্ক
জুলাই জাতীয় সনদ ২০২৫ আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে।
ঐতিহাসিক এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এছাড়া, দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে উঠে আসা মতামত বিশ্লেষণ করা হয়।
বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো থেকে আসা অভিমতগুলো বিশ্লেষণ করে শিগগির বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।
বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া, ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC