
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, "জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।"
শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ, জনগণের প্রত্যাশা এবং কাঙ্ক্ষিত পরিবর্তন অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডাকসুর ভিপি বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের মূল চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল এবং সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন আহম্মেদ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC