
নির্বাচনি পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, “সবাই খেয়াল রাখবেন—নির্বাচনে জালভোট দিয়ে আমার হাঁস চুরি করতে পারে।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্বাচনে জনগণের ভোট যেন সঠিকভাবে প্রতিফলিত হয়—এটাই সবার মূল দায়িত্ব।
রুমিন ফারহানা আরও বলেন, “আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষপর্যন্ত লড়াই করে যাব।”
এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনকেই নিজের মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
উঠান বৈঠকে স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা রুমিন ফারহানার বক্তব্যে সমর্থন জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তারা।










