
রাইজিং ফ্যাক্টচেক
"জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. শফিকুর রহমান" শিরোনামে একটি ছবিসহ পোস্ট ফেসবুকে দেখা যাচ্ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং পোস্টে ব্যবহৃত ছবিটি এডিটেড।
এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল পোস্টটি যাচাই করতে জাতিসংঘের অফিশিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সূত্রগুলো পর্যালোচনা করা হয়। অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
২ জুন ২০২৬ নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে তিনি এক বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ড. শফিকুর রহমান নন।
পোস্টে ব্যবহৃত ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি ডিজিটালভাবে সম্পাদনা করা হয়েছে। রিভার্স ইমেজ সার্চেও ছবিটির কোনো বাস্তব উৎস খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান, ড. শফিকুর রহমান নন।
এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, "জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. শফিকুর রহমান" শিরোনামে প্রচারিত পোস্টটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC