বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণে ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Bakhrabad Gas Distribution Company Limited - BGDCL
ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ফেনী জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক (প্রকৌশল ও সেবা) প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম।

তিনি জানান, জরুরি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বাখরাবাদের গ্যাস সংযোগ লাইনের মেরামত কাজ করা হবে। এ কারণে পুরো জেলাজুড়ে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। গ্রাহকদের বিষয়টি জানাতে জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে নির্ধারিত ২৪ ঘণ্টার পর অতিরিক্ত আরও ৬ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখা হতে পারে। রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় রোববার ভোর ৬টা থেকে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সেখানে গ্যাস সংযোগ পুনরায় চালু হতে পারে।

এদিকে, গত কয়েকদিন ধরেই ফেনী শহরের সালাহউদ্দিন মোড়, বারাহীপুর, ক্যাডেট কলেজ এলাকা, উকিল পাড়া ও শাহীন একাডেমি সড়কসহ বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময় গ্যাস সংযোগ বন্ধ ছিল। অন্য এলাকাগুলোতে সংযোগ চালু থাকলেও গ্যাসের চাপ ছিল স্বাভাবিকের তুলনায় কম।

আরও পড়ুন