
রাইজিং কুমিল্লা ডেস্ক

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর সম্প্রতি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন। তার ওই স্ট্যাটাসে একদিকে যেমন উঠে এসেছে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের কথা, তেমনি রেলপথ ঘিরে বিভিন্ন সামাজিক ও মানবিক বাস্তবতার চিত্রও স্থান পেয়েছে।
সম্প্রতি একটি গানের শুটিংয়ের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে করে শ্রীমঙ্গল সফর করেন তিনি। ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রেনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষের জন্য ট্রেন এখনো অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন। তুলনামূলক কম খরচ ও আরামদায়ক ভ্রমণের কারণে ট্রেনযাত্রা জনপ্রিয় হলেও যাত্রীদের অসচেতনতা ও অব্যবস্থাপনা রেলসেবাকে নানা চ্যালেঞ্জের মুখে ফেলছে।
পোস্টে রেলস্টেশনগুলোর মানবিক চিত্রও উঠে আসে। স্টেশন এলাকায় অসহায় মানুষ ও পথকুকুরের পাশাপাশি রাতযাপনের দৃশ্যকে “হৃদয়বিদারক” হিসেবে বর্ণনা করেন তিনি। রেললাইনের দুই পাশের মানুষের জীবনমান দেশের আয়বৈষম্যের প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেন।
চা-বাগান শ্রমিকদের জীবন নিয়েও কথা বলেন তিনি। দৈনিক স্বল্প মজুরিতে শ্রমিকদের জীবনসংগ্রামের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব ইস্যু মাঝেমধ্যে আলোচনায় এলেও দ্রুতই তা চাপা পড়ে যায়।
এছাড়া নরসিংদী থেকে হরষপুর পর্যন্ত কিছু এলাকায় ট্রেনে মাদক কারবারীদের প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব এলাকায় যাত্রী ও রেল পুলিশ অনেক সময় অসহায় পরিস্থিতিতে থাকেন। রেল কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা সীমিত হওয়ায় কার্যকর ব্যবস্থা গ্রহণে জটিলতা তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি।
তবে নানা বাস্তবতা ও সংকটের মধ্যেও শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। ভ্রমণের শেষাংশে চায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, “বিশ্বের সব যুদ্ধ শেষ হলেও এক কাপ চায়ের গল্প শেষ হবে না।”
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই রেলব্যবস্থা, শ্রমিকজীবন ও সামাজিক বৈষম্যের বিষয়গুলো নতুন করে ভাবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC