
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রে। পর্দায় তাদের জুটি যেমন দর্শকের নজর কাড়ে, তেমনি বাস্তব জীবনের রসায়নও প্রায়ই উঠে আসে আলোচনায়। এবার রণবীরের জন্মদিনে আলিয়ার ভালোবাসার প্রকাশ নতুন করে মুগ্ধ করেছে তাদের ভক্তদের।
গতকাল সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ দিনটিতে স্বামীর সঙ্গে সময় কাটানোর পাশাপাশি জন্মদিনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেন আলিয়া ভাট।
আলিয়ার শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। ছবিতে ঘরের এক কোণে রাখা আর্মচেয়ারে বসে থাকা রণবীরকে পরম মমতায় কোলে তুলে জড়িয়ে থাকতে দেখা যায় আলিয়াকে। কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর ও লাল পোশাকে আলিয়াকে একে অপরের দিকে তাকিয়ে হাসি-খুনসুটিতে মেতে থাকতে দেখা যায়।
ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টের ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি।’ এরপর রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারকা দম্পতির এই ঘনিষ্ঠ ও আনন্দঘন মুহূর্তের প্রশংসা করেন ভক্তরা।
বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন রণবীর ও আলিয়া। সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। পিরিয়ড ড্রামাভিত্তিক সিনেমাটির প্রচারণা নিয়েও ব্যস্ত রয়েছেন দুই তারকা।
২০২২ সালে বিয়ের পর রণবীর-আলিয়ার সংসারে এসেছে মেয়ে রাহা। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন তারা। অন্যদিকে রণবীরের ব্যস্ততা বেড়েছে আরও। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পাশাপাশি প্রায় চার হাজার কোটি রুপির মেগাপ্রকল্প ‘রামায়ণ’ সিনেমার মুখ্য চরিত্রেও অভিনয় করছেন তিনি।
তবে নানা ব্যস্ততার মধ্যেও জন্মদিনের বিশেষ দিনে আলিয়ার কোলে রণবীরের হাসিমাখা ছবি যেন তাদের ব্যক্তিগত জীবনের ভালোবাসা ও আন্তরিকতারই এক ঝলক দেখাল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC