
রাইজিং কুমিল্লা ডেস্ক
দেশের নাগরিকরা নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ হলে দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে, যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা রাখে।
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যাচ্ছে। একই সঙ্গে জনগণের মৌলিক স্বাস্থ্য সুরক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, আবার বিরোধী কোনো পক্ষকেও ভালো কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা ‘ভিত্তিহীন ও মিথ্যা’। তিনি দাবি করেন, মেজর আখতারুজ্জামান কারও ওপর চড়াও হননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
ডা. শফিকুর রহমান বলেন, মেজর আখতারুজ্জামান শুধু জামায়াতে ইসলামীর প্রতিনিধি নন, তিনি বর্তমানে দেশের নির্যাতিত ও ভুক্তভোগী মানুষেরও একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। এ ধরনের নিপীড়নের ঘটনাকে হালকাভাবে না নেওয়ার জন্য দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।
আইন প্রয়োগে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একজনকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হয়েছে। কিন্তু তিনি দল ছাড়েননি এবং তার হাতে হাতকড়াও পরানো হয়নি। অথচ রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের সঙ্গে নির্মম আচরণ করা হচ্ছে।
সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের করের টাকা ঘাটে ঘাটে চুরি ও লুটপাট হতে থাকলে সাধারণ মানুষ আর হাত গুটিয়ে বসে থাকবে না।
তিনি আরও বলেন, দায়িত্বশীল একটি মেডিকেল প্রতিষ্ঠানে সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নৈতিক বৈধতাও প্রশ্নের মুখে পড়ে।
চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ডেঙ্গুর বিস্তার রোধ এবং মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে জামায়াত মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে।
সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সরকার নিষ্ক্রিয় হয়ে থাকলে ‘ধাক্কা দিয়ে সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে’। নাগরিকদের মৌলিক অধিকার ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে বিকল্প নেতৃত্ব সামনে আসবে বলেও সতর্ক করেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC