মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Comilla - Shafiqur Rahman
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান/ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সংসদের ভেতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। তিনি বলেন, জনগণের দাবি মেনে নেওয়া হলে তা সাধুবাদ জানানো হবে। জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হলে শুধু সমর্থন নয়, সহযোগিতাও করা হবে। তবে জনগণের কোনো অধিকার হরণ করা হলে জামায়াত চুপ থাকব না, বরং তার তীব্র প্রতিবাদ করা হবে।

তিনি বলেন, “প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ। আর যদি কাজ না হয়, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা থামব না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে এবং এ লড়াই হবে জনতার বিজয়ের লড়াই।”

সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তারা বড় গলায় বলেছিলেন—দলের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চান তারা। কিন্তু সেই বিজয় অর্জিত হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে এবং এখন সবকিছু দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, “রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে, আর সেই রায় ইনশাআল্লাহ জনতার পক্ষেই আসবে।”

তিনি আরও বলেন, “আফসোস, আমরা যারা একসময় মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে কাউকে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে দেখা যাচ্ছে। তাহলে কি ইতিহাস থেকে কেউ শিক্ষা নেবে না? ইতিহাস কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, ইতিহাস বারবার ফিরে আসে।”

এই পরিস্থিতির স্থায়ী সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, “এই স্থায়ী সমাধানের লক্ষ্যেই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বর্তমানে বিশ্বে যে অস্থিরতা চলছে তাতে কার্যত মুসলিম বিশ্বই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “যারা মানবতার বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধেই অবস্থান নেব এবং তাদের নিন্দা করব। আমরা মানবতার পক্ষেই আছি—সেটা কোন দেশ বা কোথাকার, তা বিবেচনার বিষয় নয়। যেখানে মানবতা লঙ্ঘিত হবে, সেখানেই আমরা থাকব, ইনশাআল্লাহ।”

শেষে তিনি বলেন, মানবতার বিজয় এবং মনুষ্যত্বের বিজয়ই হোক সবার প্রত্যাশা।

আরও পড়ুন