
বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলেমেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার পক্ষে। নিজের বড় ছেলে শাফকাত আসিফ রণের তিন বছর আগে বিয়ে দেওয়ার পর এবার জানালেন ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর বিয়ের খবর।
গত জানুয়ারিতে বাগদান সম্পন্ন হলেও মঙ্গলবার (২৭ মে) বিকেলে বিষয়টি প্রকাশ্যে আনলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছোট ছেলের দুটি ছবি শেয়ার করে আসিফ আকবর লেখেন, “আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, তবে ক্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।”
ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ লেখেন, “রুদ্র ২৬ বছরে পদার্পণ করলো আজ। সেই সঙ্গে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে বিয়ে করতে যাচ্ছে। বিয়ে-শাদির সমস্ত আয়োজন সম্পন্ন। এনগেজমেন্ট হয়েছে জানুয়ারিতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব্য- দি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না।”
সবশেষে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়ে আসিফ আকবর লেখেন, “আজ রুদ্রর শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম…”।
উল্লেখ্য, আসিফ আকবর এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকদের প্রতি সন্তানদের দ্রুত বিবাহবন্ধনে আবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। নিজের ছেলেদের ক্ষেত্রেও তিনি সেই নীতি অনুসরণ করছেন।










