
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশু মাহফুজা আক্তার স্মৃতির মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সোমবার (২২ জুন) রাতে তিনি নগরীর মফিজাবাদ কলোনীতে গিয়ে নিহত স্মৃতির বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, “গতকাল রাতটা আমি ঘুমাতে পারিনি। বারবার স্মৃতির মুখটা চোখে ভেসে উঠেছে। আমার নিজের মেয়ের কথাও মনে হয়েছে। একটি শিশুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় আমারও দায় আছে। দুর্ঘটনার পর থেকেই নগরীর বিভিন্ন সড়কে থাকা ভাঙা স্ল্যাব চিহ্নিত করে অপসারণের কাজ শুরু করেছি। আমি চাই না আর কোনো পরিবারকে স্মৃতির পরিবারের মতো এমন শোক বয়ে বেড়াতে হোক। কুমিল্লা নগরীতে আর কোনো ভাঙা স্ল্যাব থাকবে না।”
নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয় কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে।
মফিজাবাদ কলোনির বাসিন্দা মো. বিলাল হোসেনের মেয়ে স্মৃতি আক্তারের অকাল মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC